বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেমিনারটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যানোরোমা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে সিএসসি বিভাগের শিক্ষার্থী সামিহা জাহান ফারিহা এর উপস্থাপনায় সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক অনন্যা সরকার স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. সানোয়ার হোসাইন। তিনি ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার হুমকি ও ঝুঁকি মোকাবিলা, তথ্যের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাইবার সিকিউরিটি খাতে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বর্তমান ডিজিটাল বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৪০ জন এবং আইসিই বিভাগের ৩০ জন শিক্ষার্থী, সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিএসই বিভাগের শিক্ষার্থী মুস্তাকিন আবেদিন, ফার্স্ট রানারআপ দিবস সরকার এবং সেকেন্ড রানারআপ মুহিব মুহতাসিন বিশ্বাসকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।