বাউয়েট ক্যাম্পাসে “বিএইটিই স্বীকৃতি নির্দেশিকা (সংস্করণ-৩) এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়ন (সিকিউআই) চক্র” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নাটোর, ২৬ জুলাই ২০২৬: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বিএইউইটি), কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, নাটোর-এর প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “বিএইটিই স্বীকৃতি নির্দেশিকা (সংস্করণ-৩) এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়ন (সিকিউআই) চক্র” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রথম অধিবেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান। তিনি ফলাফলভিত্তিক শিক্ষা (আউটকাম বেইজড এডুকেশন-ওবিই) পদ্ধতিতে ধারাবাহিক গুণগত মানোন্নয়ন (সিকিউআই)-এর গুরুত্ব, বাস্তবায়ন এবং মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিক বিন আব্দুল আকিব। তিনি বিএইটিই স্বীকৃতি নির্দেশিকা (সংস্করণ-৩)-এর বিভিন্ন দিক, প্রয়োজনীয়তা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষকদের সম্যক ধারণা প্রদান করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্নেল (অব.) মোঃ শওকত হোসেন, পিএসসি। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিএইটিই স্বীকৃতি নির্দেশিকা (সংস্করণ-৩) অনুযায়ী যথাযথ প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইন অনুষদ ও বিজ্ঞান এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব.) মোঃ মনজিনুল মুবীন এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম।

অংশগ্রহণকারী শিক্ষকগণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মতবিনিময় করেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন, ধারাবাহিক গুণগত মানোন্নয়ন নিশ্চিতকরণ এবং বিএইটিই স্বীকৃতি অর্জনের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।