বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ক্যারিয়ার অ্যান্ড প্লেইসমেন্ট সেন্টার (সিপিসি) ও বাউয়েট ক্যারিয়ার ক্লাবের (বিসিসি) যৌথ উদ্যোগে ‘বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার নির্দেশনা, প্রস্তুতি ও সুযোগ’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টি-বারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।

সেমিনারে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সরকারি চাকরি ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ) এবং ক্যারিয়ার এন্ড প্লেইসমেন্ট সেন্টারের এর উপদেষ্টা ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ প্রতিম দেবনাথ।