বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ মার্চ ২০২৬) তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সকালে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, খেলার উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউয়েট বিএনসিসির একদল চৌকস ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। ক্রীড়াবিদ ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আনিকা তাসিন কারিমা বার্ষিক ক্রীড়ার মশাল প্রজ্জ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক—শিক্ষার্থীদের মাঝে দড়ি টানাটানি, ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাঁজোসহ আলাদাভাবে মোট ৩২টি ইভেন্টের পুরস্কার প্রদান করেন । ০৪ টি স্বর্ণ পদক, ০৪ টি রৌপ্য পদক এবং ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় শীর্ষে স্থান অর্জন করে নেয় সিএসই বিভাগ। প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ হয়েছে যৌথভাবে ছেলেদের মধ্যে রাকিব ও তানিম এবং মেয়েদের মধ্যে সেতু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ধারাভাষ্য প্রদান করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বরকত উল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী সৌরভ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক দিল আফরিন মিম, শিক্ষার্থীদের মধ্যে থেকে আজমাঈন খান জিসান, ফারহান উল্লাস, অর্থী ইসলাম ইউসুবা এবং রেজওয়ানা তাবাসসুম প্রমূখ।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)